অক্ষয় কুমার অভিনীত 'প্যাডম্যান' পাকিস্তানে মুক্তি না পাওয়ায় গত সপ্তাহেই এ বিষয়ে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। এবার পাকিস্তান সেন্সর বোর্ডে আটকে গেল আরো একটি ভারতীয় ছবি। নীরজ পাণ্ডে পরিচালিত 'আইয়ারি'কে নিষিদ্ধ ঘোষণা করা হল পাকিস্তানে। শুক্রবারই ভারতে মুক্তি পেল মনোজ বাজপেয়ী, সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত এই ছবিটি।
ভারতীয় সেনার ওপরে নির্মিত এই ছবিতে পাকিস্তানের ভূমিকাকে খুব একটা ভালো ভাবে দেখানো হয়নি। এই কারণেই সে দেশে মুক্তি পেল না 'আইয়ারি'। এই নিয়ে নীরজ পাণ্ডের পর পর তিনটি ছবি পাক সেন্সর বোর্ডে আটকে গেল।
এর আগে 'বেবি' ও 'নাম শাবানা'কেও পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ভারতেও মুক্তি পেতে কিছু সমস্যার মুখে পড়তে হয়েছিল 'আইয়ারি'কে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ছাড়পত্র আদায় করতে পরিচালক নীরজ পাণ্ডেকে নির্দেশ দেয় সেন্সর বোর্ড। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য আইয়ারি'র বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। কয়েকটি জায়গায় পরিবর্তনের পর ছবিটিকে ছাড়পত্র দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
