মুলাদীতে কলেজছাত্রীসহ দুই নারী অগ্নিদগ্ধ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৩
মুলাদীতে শুক্রবার পৃথক ঘটনায় কলেজছাত্রীসহ দুই নারী অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
 
পৌর সদরের পশ্চিম তেরচর গ্রামের আ. রহমান হাওলাদারের কলেজ পড়ুয়া মেয়ে লুনা বেগম (১৯) সকাল ৯টার দিকে এবং দুপুর ১২টার দিকে সদর ইউনিয়নের দড়িচরলক্ষ্মীপুর গ্রামের সোহেল সরদারের স্ত্রী মনি আক্তার (২৫) অগ্নিদগ্ধ হন।
 
লুনার পরিবার জানায়, সকাল ৯টার দিকে ফ্রিজের তার থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। ওই সময় ফ্রিজের পাশে থাকা লুনার শরীরে আগুন লেগে বিভিন্নস্থান পুড়ে যায়। বাড়ির লোকজন আহত অবস্থায় মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন।
 
অপরদিকে সদর ইউনিয়নের সোহেলের স্ত্রী মনি আক্তার রান্না করতে গেলে তার কাপড়ে আগুন লেগে যায়। ওই সময় বাড়িতে কোনো লোকজন ছিল না। মনির ডাকচিৎকারে পাশ্ববর্তী লোকজন ও তার স্বামী এসে উদ্ধার করেন। তাকে শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মুলাদী হাসপাতালের ডা. মেহেদী হাসান খান জানান, মনির শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।
 
ইত্তেফাক/আরকেজি