এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে একটি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র আটক হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২) তাদেরকে রাজধানীর ইন্দিরা রোড এলাকা থেকে আটক করে। তারা হলেন- রেদোয়ান আহম্মদ (২৪) ও বেলাল হোসাইন (২৩)। বিশয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফিরোজ কাউসার।
র্যাবের এ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইন্দিরা রোড এলাকায় ঢাকা ওরিয়েন্টাল কলেজের সামনে থেকে দু’জনকে আটক করা হয়। তারা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা ফেসবুকে ‘ক্যামিস্ট্রি-২০১৮’ নামে একটি গ্রুপে যুক্ত হয়। পরে গ্রুপের অ্যাডমিনের মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ করে এসএসসি পরীক্ষার্থীদের সরবরাহ করতো। বিনিময়ে পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করতো তারা। এর আগেও তারা বিভিন্ন পরীক্ষায় একইভাবে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। তিনি জানান, গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআই
