খুলনায় এসএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার ৯

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫৭
খুলনায় এসএসসি পরীক্ষার  প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে র‌্যাব -৬ এর সদস্যরা নগরীর খালিশপুর দৌলতপুর ও চিত্রালীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 
 
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর খালিশপুরের কাশিপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে মো.খায়রুল ইসলাম (১৮), হাবিবুর রহমানের ছেলে মো. নাইমুর রহমান (১৬), রফিকুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেন (১৮), সবুর খানের ছেলে মো. সাব্বির হোসেন (১৮), পাবলার মো. আনোয়ারুলের ছেলে মো. সাকিব হোসেন (১৮), মো. মারিফুলের ছেলে মোনায়েম সাহরিয়া রাফি (১৬), হরিশেবকের ছেলে চয়ন রায় (১৭), যশোরের কোতয়ালির মৃত মোরশেদের ছেলে মো. ইব্রাহিম আল নাঈম (১৬) এবং পিরোজপুর নাজিরপুর উপজেলার মো. সাত্তার মল্লিকের ছেলে মো. সাজিদ (১৬)। 
 
র‌্যাব-৬এর স্পেশাল কোম্পানি কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান জানান, শনিবার এসএসসির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (সৃজনশীল) পরীক্ষার দিন নির্ধারণ ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার আগেই সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়। ৩-৪ শ’টাকার বিনিময়ে এ চক্রটি প্রশ্নপত্র প্রদান করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি