রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৬
রাজধানীর পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন, রিজিয়া বেগম (৫৫) ও খালাতুন নেসা (৬৫)। 
 
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে ছেলে মান্নানের সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন রিজিয়া। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি সড়কের ডিভাইডারের পাশে ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় তার ছেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
নিহতের ছেলে আব্দুল মান্নান হাসপাতালে সাংবাদিকদের জানান, তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। গ্রামের বাড়ি থেকে বাড্ডায় এক আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় এক ঘটনা ঘটে। রিজিয়া বেগমের স্বামীর নাম চতুর আলী। পুলিশ কাভার্ড ভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
 
এদিকে, শুত্রবার দুপুর ৩টার দিকে বাড্ডার সাঁতারকুলের উত্তরপাড়ার ছোট জামে মসজিদের সামনে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আহত হন খালাতুন নেসা। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খালাতুন নেসা সাঁতারকুলের উত্তরপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাতকেন। তার স্বামীর নাম নিয়ামউদ্দিন। তিনি দুই সন্তানের জনক।  
 
 
ইত্তেফাক/ইউবি