নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশ থেকে পেট্টোল বোমার রাজনীতি বন্ধ করতে পরিবহন শ্রমিকরা সহযোগিতা করেছে। সন্ত্রাস করে যারা ক্ষমতায় যেতে চেয়েছিল তাদের হাত থেকে দেশকে মুক্ত করা হয়েছে। পরিবহন সেক্টর ছাড়া দেশকে অগ্রগতির চাকা ঘুরবে না।
শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নব-নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে আগের চেয়ে দুর্ঘটনা ৪ ভাগ হ্রাস পেযেছে। দুর্ঘটনা কমাতে সরকারের কর্মকাণ্ড, শ্রমিক ও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য দুর্ঘটনা কমানো সম্ভব হয়েছে। বিএনপি ২০১৪ সালের নির্বাচনে না এসে ভুল করেছে। এখন সেই ভুলের খেসারত দিচ্ছে। আগামী নির্বাচনেও যদি না আসে তাহলে তাদের নিবন্ধন বাতিল হবে।
জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর, শ্রমিক নেতা সম্ভুনাথ চক্রবর্তী।
ইত্তেফাক/ইউবি
