গৌরনদীতে অপহৃতা স্কুলছাত্রী কালিয়াকৈরে উদ্ধার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২২

বরিশালের গৌরনদী থেকে অপহৃতা এক স্কুলছাত্রীকে অপহরনের  ১২দিন পর উদ্ধার করেছে পুলিশ।   সেইসঙ্গে অপহরণকারী নাঈম বেপারীকে গ্রেফতার করেছে।  শুক্রবার রাতে গৌরনদী থানা পুলিশ ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানা পুলিশের সহযোগিতায় কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকায় অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার এস.আই মো. সাইফুল ইসলাম জানান, গৌরনদী উপজেলার কাছেমাবাদ গ্রামের আঃ রহিম বেপারীর ছেলে নাঈম বেপারী (২৪) স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে (১৫) প্রায়ই উত্ত্যক্ত করতো।   গত ৪ ফেব্রুয়ারি সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে ওৎ পেতে থাকা নাঈম বেপারীসহ ৭/৮ বখাটে ছাত্রীটির পথরোধ করে।  তারা স্কুলছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে গৌরনদী পৌরসভার আশোকাঠি গ্রামের অপহৃতা স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে ৬ জনের নামোল্লেখসহ ৮ অপহরণকারীকে আসামি করে গত ১৪ ফেব্রুয়ারি রাতে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছিলেন।  গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী নাঈম বেপারীকে গ্রেফতার করেন।

ইত্তেফাক/নূহু