দল বেঁধে বইমেলায়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ০১:১৪

বাবা বই কেনার টাকা দেয়নি বলে স্পন্দনের মন খারাপ। এতই খারাপ যে বাবা জাহিদ হাসান সুমনের সঙ্গে কথাই বলছে না। বন্ধুরা বই কিনলো তার সামনে কিন্তু সে কিনতে পারলো না, মন খারাপ হবে  না! পরে যখন বাবা তাকে ঘুরে ঘুরে পছন্দের বই কিনে দিলেন তখন হাসিতে ভরে উঠলো মুখ। গতকাল ছায়ানট পরিচালিত বিশেষ শিশু-কিশোরদের কার্যক্রম ‘শিকড়’ এর বন্ধুরা মিলে মেলায় এসেছিল স্পন্দন এবং তার বন্ধুরা। তাদের সবার হাতে হাতে বই।

বইমেলায় এখন পাঠকরা আসছে দল বেঁধে। বিশেষ করে শিশুরা। তার আসছেন বিভিন্ন স্কুল থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও আসছেন তারা। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা দলবেধে মেলায় এসেছে গতকাল। শিশুদের বইয়ের প্রতি এ আগ্রহ মন জুড়িয়ে দেয়। ছুটির দিন হওয়ায় মেলায় আজ প্রচন্ড ভিড় ছিল। সকাল থেকে দুপুর দুটা পর্যন্ত ছিলো শিশুপ্রহর। শত শত শিশু-কিশোর এসেছিল স্বজনদের সাথে। শিশুরাও প্রচুর বই কিনেছে।

ছায়ানটের ‘শিকড়’ কার্যক্রমের সমন্বয়ক আতিক রহমান বললেন, প্রতিবছরই আমরা বাচ্চাদের নিয়ে মেলায় আসি। ওদের খুশি দেখলে খুব ভালো লাগে। এদিকে, নারায়ণগঞ্জের ইংরেজি মাধ্যম স্কুল ‘চেঞ্জেস’ এর পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরাও এসেছিল মেলায়। এ স্কুলের শিক্ষক জহিরুল আলম বললেন, প্রতি বছরই অঅমরা মিক্ষা সফরের অংশ   হিসাবে বইমেলায় শিক্ষার্থীদের নিয়ে আসি। শুধু স্কুলের বই না অন্যান্য বই পড়ার প্রতি শিশুদের এ সফর আগ্রহী করে তোলে।

অন্যায়ের প্রতিবাদে বঙ্গবন্ধু কখনো পিছপা

হননি : রাদওয়ান মুজিব সিদ্দিক

অন্যায়ের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো পিছপা হননি। তার সেই মনোভাবের প্রতিফলন গ্রাফিক নভেলের চতুর্থ খ্লেও রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র এবং গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

গতকাল শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলায় নভেলটির মোড়ক উন্মোচনকালে তিনি এ কথা বলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে শেখ মুজিবুর রহমানের দিল্লিতে অল ইন্ডিয়া মুসলিম লীগ কনফারেন্সে যোগদান, তার ছাত্র রাজনীতির দুই সহযোদ্ধা মাখন ও নূরুদ্দিনের সঙ্গে গড়ে ওঠা সখ্যতা, অর্থের অভাবে এক টিকেটে তিনজনের ভ্রমণসহ আরো বেশ কিছু মজাদার বিষয় যুক্ত করা হয়েছে এই পর্বে। এ ছাড়াও কলকাতার ইসলামিয়া কলেজের রাজনীতিতে তত্কালীন সময় শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা অর্জন, দলের স্বার্থে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে তর্ক এবং তারপরও গুরুর কাছ থেকে স্নেহ ভালোবাসা লাভের বিষয়গুলো উঠে এসেছে ‘মুজিব গ্রাফিক নভেল ৪: দিল্লি অভিযান’-এ।

বইটির প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক বলেন, এই নভেলগুলো সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার মা শেখ রেহানার তত্বাবধায়নে তৈরি করা হচ্ছে। বঙ্গবন্ধুর মত এমন মহান একজন নেতার জীবনী গ্রাফিক আকারে উপস্থাপন ছিলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেই ক্ষেত্রে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ও আমার মা দারুণভাবে সহায়তা করেছেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির অপর প্রকাশক বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনী শিশু-কিশোরদের কাছে তুলে ধরার ইচ্ছা প্রথম জানান রাদওয়ান মুজিব সিদ্দিক। তার পরিকল্পনা অনুসারেই আমরা এই গ্রাফিক নভেল তৈরির কার্যক্রম শুরু করি। এবারের বইমেলায় গ্রাফিক নভেলটির চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি আমরা। আশা করছি পূর্বের মতই এবারের গ্রাফিক নভেলটিও জনপ্রিয়তা লাভ করবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উপস্থাপনা করেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নভেলটির শিল্পী সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, বইটির সম্পাদক শিবু কুমার শীল প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে গ্রাফিক নভেল ‘মুজিব’ রচিত। এটি প্রকাশ করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। বইমেলায় সিআরআই-এর স্টলে (স্টল নম্বর ১০০/১৯) গ্রাফিক নভেল সিরিজের ৪ টি বই এবং ‘মুজিব -১’ এর ইংরেজি অনুবাদ পাওয়া যাচ্ছে।

এদিকে, অমর একুশের গ্রন্থমেলায় সতের দিনে আড়াই হাজারেরও বেশি নতুন বই প্রকাশ পেয়েছে। এর মধ্যে কবিতার বই শীর্ষে রয়েছে। এর পরই রয়েছে উপন্যাস। তৃতীয় অবস্থানে রয়েছে ছোটগল্পের বই। মেলায় বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে এই তথ্য জানান হয়।ড়্গতকাল নতুন বই প্রকাশ পেয়েছে ২২১টি।

নতুন বই প্রকাশের বিষয়ে ভাষাসৈনিক,শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম জানান, প্রতিবছরই কবিতার বই সবচেয়ে বেশি প্রকাশ পায়। কথাসাহিত্যের বইও এবারের মেলায় প্রচুর এসেছে। আর কবিতার বই প্রতিবছরই নতুন লেখকদের প্রকাশ পায়। এ জন্যে সংখ্যটা বেশি। গল্পের বইয়ের সংখ্যাটা সন্তোষজনক। তিনি বলেন, ভাষা আন্দোলনের জেলার ইতিহাসও এবার প্রকাশ পেয়েছে। যা খুবই সুখকর। জেলায় জেলায় ভাষা আন্দোলন হয়েছিল। ওইসব ইতিহাস প্রকাশ শুরু হয়েছে,যা আমরা দীর্ঘদিন ধরে আশা করছিলাম।
মেলায় ডিএমপি কমিশনার

জয়িতা শিল্পীর ‘উড়াল পাখি মন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করতে মেলায় এসেছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ সময় বইটির লেখক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রন্থটি প্রকাশ করেছে পারিজাত প্রকাশনী।

নতুন বই

গতকাল প্রকাশিত নতুন বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শওকত আলীর ‘শুধু কাহিনী’, নির্মলেন্দু গুণের ‘নির্বাচিত ৫০ কবিতা’, নূহ উল আলম লেনিন’-এর ‘সময়ের কথকতা’, ইমদাদুল হক মিলনের ‘সমস্ত বড় গল্প’ বইগুলো ইন্তামিন প্রকাশনীর স্টলে এসেছে। বটেশ্বর বর্নন প্রকাশ করেছে হাবীবুল্লাহ সিরাজীর ‘পায়ে উর্বর পলি’, রোদেলায় এসেছে আল রেজার ‘শরত্ সাহিত্যে মানবতাবাদ’, মোর্শেদ শফিউল হাসানের ‘স্বাধীনতার পটভূমি; ষাট দশক’, য়ারোয়া বুক কর্নারে শহীদুল্লাহ ফরায়জী’র ‘চন্দ্র সূর্য যত বড় দুঃখ তার সমান’ বাংলা একাডেমির স্টলে সৈয়দ মোহাম্মদ শাহেদের ‘সন্তোষ গুপ্ত’, সুজন বড়ুয়ার ‘বাড়ির সঙ্গে আড়ি’, ধ্রুব এষ’ এর ‘আত্মকথন’, রাজিব আহমেদের ‘বিক্রয় অভিধান’, খালেদ বিন জয়েনউদ্দিনের ‘ঘুম পাড়ানি মাসিপিসি’।

ইত্তেফাক/নূহু