রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফাযিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগে আবুল কালাম আজাদ (৪০) নামের এক শিক্ষককে আটকের পর ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল এ রায় দেন। আটক শিক্ষক আবুল কালাম আজাদ উপজেলার সুখানদিঘী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
জানা গেছে, গত শনিবার দুর্গাপুর ফাযিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার ইংরেজী দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২ নম্বর কক্ষের দায়িত্বে ছিলেন শিক্ষক আবুল কালাম আজাদ। এ সময় পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার সময় বিষয়টি দায়িত্বররত কর্মকর্তার নজরে পড়লে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইনে ওই শিক্ষকের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই শিক্ষক জরিমানার টাকা দিয়ে তিনি মুক্তি পান।
ইত্তেফাক/কেকে
