স্বনির্ভর বাংলাদেশ গড়তে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩২
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদেরকে নৈতিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্য হিসেবে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার বলে উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে এবং মানবসম্পদ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
 
শনিবার দুপুরে চট্টগ্রামের চন্দনাইশস্থ বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, আজকের প্রজন্মের শিক্ষার্থীরা আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে এবং ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে সক্ষম হবে। আমাদের নতুন প্রজন্ম উচ্চ শিক্ষা লাভকারী গ্রাজুয়েটরা দেশ ও জাতির ভবিষ্যৎ।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মন্নান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবছার উদ্দিন আহমেদ, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। বক্তব্য রাখেন প্রফেসর রনজীত কুমার দে, আইন বিভাগের নাজনীন আক্তার, প্রফেসর ড. হজরত আলী মিয়া প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি