সাভারে ৪ ডাকাত গ্রেফতার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৮
 
সাভারে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে সাভার ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
 
গ্রেফতারকৃতরা হলো- পঁচা (৩৫), সোহেল রানা জয় (৩২), মুটক শিকদার (৩৪) ও মোমিন সরদার (৩২)।
 
সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান জানান, গত ৮ ফেব্রুয়ারি আশুলিয়ার নলাম এলাকায় ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে এক লাখ ৫২ হাজার টাকা, ৮০ ভরি স্বর্ণের গহনা ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এসময় ওই বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে আসে। পরে ধাওয়া দিয়ে মুন্না নামে এক ডাকাতকে আটকের পর গণধোলাই দিলে ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হলে নিহত ডাকাতের মোবাইল ফোন ট্রাকিং করে ডাকাত সর্দার পঁচাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী যশোর, বাগেরহাট ও গোপালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
 
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৭ ভরি স্বর্ণ, নগদ ও স্বর্ণ বিক্রির দুই লাখ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এঘটনায় তাদেরকে ডাকাতি মামলা গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ডাকাতির ঘটনার সাথে জড়িত বাকি ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। 
 
ইত্তেফাক/আরকেজি