দেশে আগাম নির্বাচন হতে পারে : এরশাদ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪২
সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে চলতি বছরের ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা বলা হলেও এর আগেই নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। 
 
তিনি বলেছেন, ‘দেশে আগাম নির্বাচন হতে পারে বলে কথা ভেসে বেড়াচ্ছে বাতাসে। তবে আমরা প্রস্তুত আছি। যখনই নির্বাচন হোক জাপা অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত।’ 
 
রবিবার জাপা চেয়ারম্যান তার বনানী কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) লিয়াজোঁ কমিটির বৈঠকে একথা বলেন। 
 
এরশাদ বলেন, রাজনীতিতে এখন অস্থির অবস্থা বিরাজ করছে। আমরা কিন্তু অস্থির নই, আমরা ভালো আছি। আমাদের উপর অনেক কিছু নির্ভর করছে। জীবনে সুযোগ বারবার আসে না, আল্লাহ এবার সুযোগ দিয়েছেন, এ সুযোগ কাজে লাগাতে হবে। 
 
আগামী ২৪ মার্চের মহাসমাবেশ সফল করার অনুরোধ জানিয়ে জাপা চেয়ারম্যান দল ও জোট নেতাদের বলেন, এই সমাবেশে লাখ লাখ লোক আনতে হবে। দেখিয়ে দিতে হবে জাপা অনেক শক্তিশালী, জাপা ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত। 
 
বৈঠক শেষে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি সংবাদ ব্রিফিংয়ে বলেন, বৈঠকে আগামী সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। জাপা আগামী নির্বাচনে এককভাবে ৩০০শ আসনে প্রার্থী দেবে। প্রার্থী যাচাই-বাচাই অনেক দূর এগিয়েছে। তৃণমূলের মতামতও নেয়া হবে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার জোটের রাজনীতির সংস্কৃতি মাথায় রেখে এগোচ্ছে জাপা। 
 
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায় ও মেজর (অব.) খালেদ আখতার, বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) চেয়ারম্যান সেকেন্দার আলী মনি প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি