রাঙ্গুনিয়ার সাবেক এমপি ইউসুফের মৃত্যুতে ড. হাছান মাহমুদের শোক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১৬
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আওয়ামীলীগের প্রচার সম্পাদক, সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
 
মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ ইউসুফ রোববার (১৮ ফেব্রুয়ারি) সোয়া ৮ টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সাবেক এমপি ইউসুফ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাছান মাহমুদ নিয়মিত খোঁজ খবর রাখতেন। ৮ জানুয়ারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করালে তিনি ঢাকা থেকে চট্টগ্রামে দেখতে ছুটে যান।
 
হাছান মাহমুদ এমপি বলেন, ‘কয়েক বছর আগে ইউসুফ ভাই অসুস্থ হয়ে পড়লে ঢাকায় পিজি হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। সেখানে প্রায় দেড়-দুই মাস রেখে চিকিৎসা করানো হয়। গত ঈদুল আযহার পরদিন আমি আর মোশাররফ ভাই (গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন) ইউসুফ ভাইকে দেখতে গিয়েছিলাম।’
 
গত ফেব্রুয়ারি মাসে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁর অসুস্থতার খবর শুনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আমি আর কাদের ভাই (ওবায়দুল কাদের) কথা বলেছিলাম। কথা বলার প্রেক্ষিতেই চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীকে রাঙ্গুনিয়ায় ইউসুফ ভাইয়ের বাড়িতে পাঠানো হয়। সিভিল সার্জনকে সেখানে পাঠানোর আগেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ফোন করে সবকিছু জানানো হয়েছে।