‘জাতিরজনকের সোনার বাংলার স্বপ্ন অচিরেই বাস্তবে পরিণত হবে’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৯
 
জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন বলেছেন, সকল রাজনৈতিক মতভেদ ভুলে বাংলাদেশকে বিশ্বের দরবারে উচ্চ আসনে নিয়ে যেতে হবে। আমরা বিজয়ী জাতি। একটি সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
 
শনিবার সকালে সিলেটের বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাজী তাহির আলী ফাউন্ডেশন ইউএসএ’র ব্যবস্থাপনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. মোমেন।
 
সিলেটে রাজনৈতিক পরিবেশের কথা তুলে ধরে ড. মোমেন বলেন, এ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির স্থানীয় দুই দায়িত্বশীল উপস্থিত রয়েছেন। কোমলমতি শিক্ষার্থীর কাছে এরকম দৃষ্টান্ত আমাদের স্থাপন করতে হবে। কারণ তারা আগামী বাংলাদেশের নির্মাতা, সোনালী বাংলাদেশ গঠনের কারিগর।
 
শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশে খাদ্য ঘাটতি ছিল, শেখ হাসিনা সার-বীজে ভর্তুকি দিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। বিদ্যুৎ উৎপাদন দুই হাজার মেগাওয়াট থেকে বাড়িয়ে শেখ হাসিনার সরকার বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট। শিক্ষায় বিপ্লব রচিত হয়েছে। অর্থনীতিতে আগের সেই মন্দাভাব আর নেই।
 
তিনি বলেন, শেখ হাসিনার হাতে দেশের নেতৃত্ব থাকলে জাতিরজনকের সোনার বাংলার স্বপ্ন অচিরেই বাস্তবে পরিণত হবে।
 
যুুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিক ও সিটি অব নিউইর্য়কের কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে এবং শিক্ষানুরাগী জিবান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাসিব মনিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালিক লালু, কাউন্সিলর মিছবাহ উদ্দিন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নুরুল ইসলাম রনেল, অর্থমন্ত্রীর এপিএস জাবেদ সিরাজী, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ প্রমুখ।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কাশেম প্রমুখ।
 
অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদপত্র তুলে দেন। আয়োজকদের পক্ষ থেকে ফখরুল ইসলাম দেলোয়ার প্রধান অতিথি ড. একে আব্দুল মোমেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
 
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি