এই প্রথম শিশুকে বুকের দুধ খাওয়ালেন এক হিজড়া নারী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১৯
 
শুনতে আশ্চর্যজনক হলেও ঘটনা সত্যি। খবরটি হলো- হিজড়া এক নারী একটি শিশুকে তার বুকের দুধ খাওয়াতে সক্ষম হয়েছেন। গবেষকরা বলছেন, এ ধরনের ঘটনা সম্ভবত এটাই প্রথম।
 
যুক্তরাষ্ট্রে ৩০ বছর বয়সী এই হিজড়া নারীর (ট্রান্সজেন্ডার) পার্টনার তার শিশুকে বুকের দুধ খাওয়াতে না চাইলে ওই হিজড়া নারী এই কাজটি করতে এগিয়ে যান এবং তিনি এই কাজে সফল হয়েছেন বলে ট্রান্সজেন্ডার হেল্থ নামে একটি সাময়িকীতে উল্লেখ করা হয়েছে।
 
বলা হচ্ছে, বেশ কিছু ওষুধ খাওয়া এবং ব্রেস্ট পাম্পিং-এর পর এটা করা সম্ভব হয়েছে। এই খবর প্রকাশিত হওয়ার পর ব্রিটেনে একজন বিশেষজ্ঞ বলেছেন, এটি একটি দারুণ ঘটনা। তিনি বলেন, এনিয়ে গবেষণার পর হয়তো আরো অনেক হিজড়া নারী শিশুকে তার বুকের দুধ খাওয়াতে পারবেন।
 
ওই নারীর শরীরে গত ছ'বছর ধরে হরমোন থেরাপি চিকিৎসা চলছিলো। কিন্তু লিঙ্গ পরিবর্তনের জন্যে তার শরীরে কোনো অপারেশন হয়নি।
 
শিশুটির জন্মের আগে ডাক্তাররা তার বুকে কৃত্রিমভাবে দুধ তৈরির জন্যে তাকে সাড়ে তিন মাস ধরে কিছু চিকিৎসা দিচ্ছিলেন। সাধারণত যেসব নারী শিশু দত্তক নিয়ে থাকে অথবা নিজের গর্ভে অন্যের শিশু জন্ম দিয়ে থাকে (সারোগেট মা) তাদেরকে এই চিকিৎসা দেওয়া হয়। খবর বিবিসি। 
 
ইত্তেফাক/আনিসুর