চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রাথমিকভাবে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ভুক্তভোগী দোকান মালিকগণ ও বাজার বনিক সমিতির সদস্যবৃন্দ। আজ সোমবার ভোরে নায়েরগাঁও মধ্য বাজার ওসমান গনি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, খবর পেয়ে দাউদকান্দি ও চাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০জন আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি সরকারের নির্ধারিত আর্থিক সাহায্যের আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি অগ্নিকাণ্ডের বিষয়টি মাননীয় মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপিকে অবহিত করেছেন এবং মন্ত্রী নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা করবেন বলে জানান।
ইত্তেফাক/এসএস
