ঝালকাঠিতে কালাম সরদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের দণ্ড দেয়া হয়েছে।
সোমবার ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মলিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কালাম বরিশাল শহরের নথুল্লাবাদ এলাকার জিয়া সড়কের মৃত এনছান সরদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর র্যাব-৮ এর একটি দল বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার মগড় এলাকায় অভিযান চালিয়ে ৫০৭ পিস ইয়াবাসহ কালাম সরদারকে গ্রেফতার করে। এ ঘটনায় বরিশাল র্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আমজাদ হোসেন বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালামের বিরুদ্ধে একটি মামলা করেন।
নলছিটি থানার এসআই গাজী ফজলুর রহমান তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।
ইত্তেফাক/আরকেজি
