চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দেবকরা গ্রামের পল্লি চিকিৎসক আবুল বাসারকে (বাসু ডাক্তার) হত্যার অপরাধে মো. মনির হোসেনকে (২৫) মৃত্যুদণ্ড, মো. আব্দুল আজিজ (২৩) ও মো. আমির হোসেনকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। চাঁদপুর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ সোমবার বিকাল এই রায় দেন।
মৃতুদণ্ডপ্রাপ্ত মনির হোসেন উপজেলার পদুয়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত মো. আব্দুল আজিজ উপজেলার দেবকরা গ্রামের ছিদ্দিকুর রহমানের এবং মো. আমির হোসেন একই গ্রামের আবুল বাশারের ছেলে। হত্যার শিকার আবুল বাসার দেবকরা গ্রামের একজন পল্লি চিকিৎসক ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ৯জানুয়ারি সন্ধ্যায় আবুল বাসার বাড়ি ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা উল্লেখিত আসামিরা তার মাথা ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তার সঙ্গে থাকা ১লাখ ৩০ হাজার টাকা তারা ছিনতাই করে নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আবুল বাসার ১১জানুয়ারি রাতে মারা যান। হাসপাতালে নেয়ার পথে আবুল বাসার আসামি মনির হোসেনসহ আরো ২/৩জনের নাম বলেন।
এই ঘটনায় ১০জানুয়ারি শাহরাস্তি থানায় নিহতের ছেলে মো. জহিরুল ইসলাম উল্লেখিত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ইত্তেফাক/আরকেজি
