বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামে মাদকসেবীরা বেধড়ক পিটিয়ে এক দিনমজুরকে আহত করেছে। আহত ব্যক্তির নাম অমল্য ভদ্র (৪২)। মাদকসেবী পুত্রকে গালাগাল করার কারণে পুত্রের সহযোগীরা রবিবার রাতে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় অমল্যকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অমল্য ভদ্র জানান, তার পুত্র অমিত ভদ্র (১৬), প্রতিবেশী নাঈম সন্যামাত (১৮), রাসেল হাওলাদারকে (১৯) সঙ্গে নিয়ে রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি সংলগ্ন সুকন্ঠ দত্তের পান বরজের ভেতর ঢুকে মাদক সেবন করছিল। এ সময় অমল্য বিষয়টি দেখে ফেলে তার ছেলেকে গালাগাল করে। তখন ওই তিনজন পান বরজ থেকে বের হয়ে লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় মাদকসেবীরা তাকে বেধড়ক পিটিয়ে তার মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করেছে।
মাদকসেবীরা তাকে প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় মামলা করতে সাহস পাচ্ছেন না বলে জানান চিকিৎসাধীন অমল্য ভদ্র।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/নূহু
