বরগুনার পাঁচশবিঘা খালের ব্রিজটি বেহাল

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৪১

বরগুনার তালতলী উপজেলার পাঁচশবিঘা খালের ওপর নির্মিত শানুর বাজার ব্রিজটির অবস্থা বেহাল। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার মানুষ।

জানা গেছে, তালতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ২০১০ সালে পাঁচশবিঘা খালের উপর শানুর বাজার সংলগ্ন আয়রণ ব্রিজটি নির্মাণ করে। কিন্তু নির্মাণের চার বছরের মাথায় ব্রিজের পাটাতনের ঢালাই উঠে রড বেড়িয়ে গেছে। লোহার ভিম ও রেলিং পড়ছে খসে। স্থানীয় লোকজন চাঁদা তুলে ব্রিজের উপরে কাঠের পাটাতন দিয়ে চলাচল করছেন। এটি দিয়ে ওই এলাকার বেহেলা, হরিণবাড়িয়া, গেন্ডামারা, পাঁচশবিঘা, নিউপাড়া, নাথকান্দা, ঝাড়াখালী, আলীরবন্দর ও শানুর বাজারের ২০-২৫ হাজার মানুষ চলাচল করেন। এছাড়া বেহালা মাধ্যমিক বিদ্যালয়, বেহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বেহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কড়াইবাড়িয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসা ও গেন্ডামারা বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা ওই ব্রিজ দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে। কিন্তু ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যানবাহন পারাপারে সমস্যা হচ্ছে।

তালতলী উপজেলা প্রকৌশলী এসএম তৈয়বুর রহমান জানান, জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে। এটি মেরামতের জন্য আইআরআইডিপি প্রজেক্টের অধীনে প্রকল্প দেওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু