সিরাজগঞ্জে ব্রিজ থেকে স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪০
 
সিরাজগঞ্জে নির্মানাধীন একটি ব্রিজ থেকে খন্দকার নজরুল ইসলাম (৫২) নামে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার সকাল নয়টায় জেলার শাহজাদপুরে উপজেলার তালগাছীতে প্রফেসর মযহারুল ইসলাম ব্রিজের (নির্মানাধীন) সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহত স্কুল শিক্ষক খন্দকার নজরুল ইসলাম শাহজাদপুর উপজেলার মাকরকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের হাজী নজাবত আলীর ছেলে।
 
মাকরকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেরাজুল ইসলাম দৌলত জানান, গত রবিবার স্কুল থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশে চলে আসে শিক্ষক নজরুল ইসলাম। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
 
মঙ্গলবার সকালে তালগাছীতে প্রফেসর মযহারুল ইসলাম ব্রিজের (নির্মানাধীন) সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
 
শাহজাদপুর থানার এসআই গোলজার হোসেন জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
 

ইত্তেফাক/এএম