আশুগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১৭
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জনী দাস (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার লালপুর ইউনিয়নের চরলালপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি কড়ই গাছ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
 
জনী আশুগঞ্জ উপজেলার চরলালপুর গ্রামের প্রবাসী উত্তম দাসের ছেলে। সে লালপুর এসকে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। আজ মঙ্গলবার সকালে তার হিসাব বিজ্ঞান পরীক্ষা ছিল বলে জানা যায়।
 
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে জনী রাতের খাবার খেয়ে তার নিজ রুমে যায়। রাত আনুমানিক ১ থেকে দেড়টার মধ্যে পরিবারের লোকজন বাড়ির পাশের কড়ই গাছের ডালে জনীর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
 
এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজনের কোন অভিযোগ নেই। বিষয়টি ভালভাবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/এসএস