রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল জহিরকে মারধরের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ ইন্টার্নি চিকিৎসককে আসামি করে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কুদরত-ই-খুদার আদালতে অ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান (বাবলা) বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- রামেক হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক মেরী প্রিয়াঙ্কা, মির্জা কামাল হোসাইন, লুৎফর রহমান, রহমান আতিক, হিমেল শাহা (হিমু), চিন্ময় মৈত্র, হাবিবুর রহমান কাজল ও জাহিদ কামাল কনক।
মামলার বাদী অ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান বলেন, ৮ ইন্টার্নি চিকিৎসককে আসামি করে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কুদরত-ই-খুদার আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত এখন পর্যন্ত কোনো আদেশ দেননি।
নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘মামলা হয়েছে কীনা আমি জানি না। মামলার কপিও হাতে পাইনি।’
গত বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে মেয়ের চিকিৎসার খোঁজ নিয়ে ফিরছিলেন আইন বিভাগের ওই শিক্ষক। এ সময় মেরী প্রিয়াঙ্কা নামের এক নারী ইন্টার্নি চিকিৎসকের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ওই নারী চিকিৎসক তার সঙ্গে অপমানজনক আচরণ করলে শিক্ষক এনামুল তাকে বেয়াদব বলেন। পরে ওই নারী চিকিৎসক বিষয়টি ওয়ার্ডের অন্যান্য ইন্টার্নি চিকিৎসকদের জানালে বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ওই শিক্ষককে বেধড়ক মারধর করেন।
ইত্তেফাক/ইউবি
