দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফাইড কপি পর্যালোচনা শেষে কমিশন সিদ্ধান্ত নেবে।
খালেদা জিয়াকে দেয়া পাঁচ বছরের কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে তার আইনজীবীদের হাইকোর্টে আপিল বাতিল চেয়ে দুদকের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আজ বুধবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে মিডিয়া সেন্টারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ‘সন্ধানী গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল ইউনিট’ এর পরিচালনায় এই রক্তদান কর্মসূচি পরিচালিত হয়।
দুদক চেয়ারম্যান বলেন, কমিশনের সব মামলাতেই যথাযথ মান অনুসরণ করা হয়। কমিশনের আইন অনুবিভাগ মামলার রায়ের সার্টিফাইড কপি পর্যালোচনা করে কমিশনে যে সব সুপারিশ পেশ করে, কমিশন সেগুলো পর্যালোচনান্তে সিদ্ধান্ত গ্রহণ করে। এটি কমিশনের দীর্ঘ দিনের চলমান প্রথা।
এসময় দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব ড. মো. শামসুল আরেফিনসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে
