খাগড়াছড়িতে সংঘর্ষে হতাহত ৪

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৪
 
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১নং যৌথ খামার রাবার বাগান এলাকায় ইউপিডিএফের বিবদমান দুই পক্ষের মধ্যে বুধবার সকাল ১০টার দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে।
 
এতে সাইন চাকমা ওরফে সুপার (২৭) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া অনিল ত্রিপুরা (৪০), মিলন ত্রিপুরা (২৮) ও রুবেল চাকমা (২৬) আহত হন। তাদের মধ্যে অনিল ত্রিপুরার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত ঘটনার দায় কেউ স্বীকার করেনি।
 
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. শামছুউদ্দীন ভুইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীঘিনালার দুর্গম রাবার বাগান এলাকায় সকালে দুটি পক্ষের মধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
 
এদিকে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দীঘিনালা ইউনিটের সংগঠক কালো প্রিয় চাকমা বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে উপজেলার জামতলিতে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হামলায় তাদের এক সদস্য নিহত ও অপর তিনজন আহত হয়েছে বলে অভিযোগ করেছেন। 
 
ইত্তেফাক/আরকেজি