জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া সরকারের বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২০
 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের  দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া শেখ হাসিনার সরকারের একটি বড় চ্যালেঞ্জ। সরকার স্বাস্থ্য বিভাগকে শক্তিশালী করতে জেলা ও উপজেলায় কমিউনিটি ক্লিনিক নির্মাণসহ বিভিন্ন হাসপাতাল  সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে।
 
তিনি বুধবার রাজশাহী বক্ষব্যাধি হাসপাতাল ও ডেন্টাল কলেজ পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পৌঁছে দিতে ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে এবং শিগগিরই আরো ১০ হাজার ডাক্তার এবং তিন হাজার নার্স নিয়োগ দেয়া হবে। ইতোমধ্যে চিকিৎসা ক্ষেত্রে সকল সংকট দূর করা হয়েছে। পুনরায় আওয়ামী লীগ সরকার নির্বাচিত হলে বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান আরো বৃদ্ধি পাবে। মন্ত্রী স্বাস্থ্য বিভাগ তথা বাংলাদেশের সার্বিক উন্নয়ন ধরে রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
 
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জেলা পরিষদের চেযারম্যান মোহাম্মদ আলী, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম ঠান্ডু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি