চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান ভাষা দিবস উদযাপিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘন্টাধ্বনির মাধ্যমে একুশের আগমনী ঘোষিত হয়। এসময় পুলিশের একটি চৌকষ দল শহীদ মিনারে সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শুরু হয় পুস্পস্তবক অর্পনের পালা।
প্রথমেই শহীদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এরপর একে একে শ্রদ্ধা জানান ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সিটি মেয়র আ.জ.ম নাছিরউদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান, সিএমপি কমিশনার ইকবাল বাহার, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার নূরেআলম মিনা প্রমুখ।
প্রথম প্রহরের মত একুশের প্রভাত ফেরীতেও শহীদ মিনারে মানুষের ঢল নামে। ভোর থেকেই নানা বয়সের মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করেন মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের। আওয়ামী লীগ, বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন ছাড়াও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
ইত্তেফাক/ইউবি
