আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সেনা প্রধানের বিচার দাবি একশ ব্রিটিশ এমপি’র

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৩
 
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে নিধনযজ্ঞ চালানো ও সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য দেশটির সেনা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লেইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির শতাধিক এমপি। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী এক টুইট বার্তায় জানিয়েছেন, ১০০ জনের বেশি এমপির স্বাক্ষরসহ একটি চিঠি বরিস জনসনের কাছে পাঠিয়েছেন তিনি।
 
চার পৃষ্ঠার ওই চিঠিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে মিন অং হ্লেইংয়ের বিচার করার জন্য ব্রিটিশ সরকারকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, রাখাইনে নিধনযজ্ঞ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬ লাখ ৮৮ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
 
মেডিসিন স্যানস ফ্রন্টিয়ারকে উদ্ধৃত করে বলা হয়েছে, গত বছর সহিংসতা শুরুর পর প্রথম এক মাসে ৭ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৭৩০ জন শিশু রয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, অসংখ্য প্রমাণ থাকার পরও মিয়ানমার সরকার ও সামরিক বাহিনী মানবতাবিরোধী অপরাধের কথা অস্বীকার করে আসছে। এছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে যেসব আইন আছে, তার কোনোটিই পরিবর্তন করা হয়নি। ইতোমধ্যে বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে চুক্তি সই করেছে।
 
তবে প্রত্যাবাসনের পর এসব রোহিঙ্গাকে নিরাপত্তা দেওয়ার কোনো নিশ্চয়তা দেয়নি মিয়ানমার সরকার। এছাড়া দেশটির সেনাবাহিনীর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণও নেই। এছাড়া মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার ঘটনা তাকে আরো বেশি সাহসী করে তুলছে। এ অবস্থায় ব্রিটিশ এমপিরা তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
IMG0
তারা চিঠিতে বলেছেন, নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে কোনো ধরনের প্রস্তাব দিলে চীন ও রাশিয়া তার বিরোধিতা করবে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই দুইটি দেশকে বোঝানো, যেন তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে।
 
রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশে আসছেন তিন নোবেল বিজয়ী
 
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পক্ষে সংহতি প্রকাশে আজ বৃহস্পতিবার আট দিনের সফরে ঢাকায় আসছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী। তারা হলেন- ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মেইরিড ম্যাকগুয়ের। অন্যদিকে  বিশ্বখ্যাত মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে সরকার। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন এই হলিউড তারকা।
 
ইত্তেফাক/আনিসুর