সিরাজগঞ্জ শহরের দিয়ার ধানগড়া মহল্লায় মেঘলা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত মেঘলা খাতুন জেলার উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মানিক তালুকদারের মেয়ে। সে সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, মেঘলা খাতুন দিয়ারধানগড়া মহল্লায় নানা বাড়িতে থাকত। পুলিশের ধারণা- বুধবার রাতে বাড়িতে কেউ না থাকায় সে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন এসে ঘরের জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার এসআই আনিসুর রহমান বলেন, এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ইত্তেফাক/এসএস
