১১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৪
কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা সাগর উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ ২০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ অভিযান চালানো হয়।
 
জানা যায়, মিয়ানমার থেকে আজ ভোরে ইয়াবার চালান আসার খবর পেয়ে বিজিবির ওই অঞ্চলের বিশেষ টহল দল উপকূলীয় খুরেরমুখ শ্মশান ঘাট এলাকায় অভিযানে চালায়। কিছুক্ষণ পর ৫/৬জনকে বস্তা মাথায় করে আসতে দেখে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করে বিজিবি। এসময় তারা বস্তা ফেলে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরে বিজিবি জওয়ানেরা ঘটনাস্থল থেকে বস্তাগুলো উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে যায়।
 
টেকনাফ ২ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত ওই ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ৩৩ কোটি ৬০ লাখ টাকা। ইয়াবাগুলো পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস