নারায়ণগঞ্জের কল্যান্দী ব্রিজটি এখন মরণফাঁদ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৬
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার অধিকাংশ ছোট বড় কালভার্ট ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে বিশেষ করে মদনগঞ্জ-মদনপুর সড়কের কল্যান্দী ব্রিজটি বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের রাস্তার নিচের মাটি সরে যাওয়া সহ বন্দরে বহু ব্রিজ ধসে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল।
 
জানা গেছে, বন্দর উপজেলার দক্ষিণাঞ্চলের জনসাধারণে যাতায়াতের জন্য তৎকালীন পার্লামেন্টের মেম্বারের সহায়তায় ঐতিহ্যবাহী ত্রিবেনী ব্রিজের উপর দিয়ে একাধিক ব্রিজ নির্মাণ করা হয়। এর মধ্যে কল্যান্দী ব্রিজটি গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে একটি মাত্র ব্রিজ ব্যবহারের কারণে ও সংস্কারের অভাবে দিন দিন ওই ব্রিজটি মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সে সাথে ব্রিজের দুই পাশের রেলিং এর রড বের হয়ে গেছে। এ ব্রিজ দিয়ে যানবাহনসহ সাধারণ জনগণের চলাচল করা বর্তমানে একেবারেই দায় হয়ে পড়েছে।
 
বিভিন্নসূত্রে জানা গেছে, নির্মাণের দীর্ঘ ২৫ বছরেও এ ব্রিজ দিয়ে প্রতিদিন তেমন উল্লেখযোগ্য যানবাহন চলাচল না করলেও বিগত ১৫ বছর ধরে বন্দরের মদনগঞ্জ এলাকায় বসুন্ধরা সিমেন্ট কোম্পানি, সামিট পাওয়ার প্লান্ট, সিমেক্স সিমেন্ট কোম্পানিসহ অসংখ্য বেসরকারি ডকইয়ার্ড ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠায় এ ব্রিজ দিয়ে শত শত ট্রাক, কন্টেইনার, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহন মালামাল নিয়ে প্রতিদিন কল্যান্দী ব্রিজ দিয়ে চলাচল করে থাকে। এ ছাড়াও অসংখ্য বাস, সিএনজি, অটো ইজিবাইক ওই ব্রিজ দিয়ে চলাচল করছে অহরহ। এখন থেকে ব্রিজের সংস্কার কাজ শুরু করা নাহলে যে কোন সময় ব্রিজ ধসে প্রাণহানি ঘটনার আশঙ্কা প্রকাশ করেছে সচেতন মহল। ব্রিজটি সংস্কারের জন্য স্থানীয় এমপি আলহাজ্ব সেলিম ওসমানের  জরুরি হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় সাধারণ জনগণ।
 
ইত্তেফাক/এসএস