ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল) এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশে ই-কমার্স খাত চালনায় ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এর ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকাস্থ ওয়েস্টিন হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আমন্ত্রিত বক্তারা দেশের ই-কমার্স খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেমিনারটি স্পন্সর করে ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান ভিসা।
বাজার সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ, অংশীদারদের মধ্যে নীতি নির্ধারনী বৈঠক আয়োজন এবং জনসাধারণের মধ্যে ই-কমার্স খাতের প্রতি আগ্রহ তৈরি এবং দেশব্যাপী ই-কমার্স ব্যবসাকে ছড়িয়ে দেয়া। সরকারের নেয়া ডিজিটাল বাংলাদেশ উদ্যোগকে সহায়তা করতে দেশের ডিজিটাল ব্যবসা খাতের উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়ের উপর জোর দেয়ার অংশ হিসেবে সেমিনারটি আয়োজন করা হয়। ই-কমার্স খাতে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের গুরুত্ব ও প্রভাব নিয়ে সভায় আলোচনা করা হয়।
সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেন ই-ক্যাব এর প্রেসিডেন্ট শমী কায়সার। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক, ই-ক্যাব এর অর্থ সচিব মোহাম্মদ আব্দুল হক, ই-ক্যাব এর পরিচালক তানভির আহমেদ মিশুক, ফ্লাইট এক্সপার্ট এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সালমান রশিদ, বাংলালিংক এর ডিজিটাল সার্ভিস এর পরিচালক আব্দুল মুকিত আহমেদ এবং এসএসএল ওয়্যারলেস এর সিটিও শাহজাদা রেদওয়ান।
আলোচনায় সভায় সভাপতিত্ব করেন বিডিজবস ডটকম এবং আজকের ডিল ডটকম এর প্রধান নির্বাহী ফাহিম মাশরুর।
আরেকটি সেশনে ভিসার গ্লোবাল গভর্মেন্ট রিলেশন্স ডিরেক্টর জনাব করণ অরোরা সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সেলেরো এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রেজাউল হোসাইন, ই-ক্যাব এর সাধারণ সম্পাদক এবং কম্পিউটার জগত এর প্রধান নির্বাহী আব্দুল ওয়াহেদ তমাল, ই-ক্যাব এর সহ সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের ইএম সলিউশন্স আর্কিটেক্ট রেজওয়ানুল হক জামি, বেসিস এর ডিজিটাল কমার্স বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল, অ্যাডভান্সড ইআরপি এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল এবং ই-ক্যাব এর কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর ও এসএসএল ওয়্যারলেস এর সিওও আশীষ চক্রবর্তী।
ইত্তেফাক/ রেজা
