সদর উপজেলার সাইত্রিশ নামকস্থানে শুক্রবার ভোরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে কবির হোসেন (৩২) একজন নিহত হয়েছে। কবির ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের ছেলে। তবে নিহত কবিরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সে একজন মানসিক প্রতিবন্ধী। গরুচোর নয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার সাইত্রিশ নামকস্থানে লুৎফর রহমানের বাড়িতে গরুচুরি সময় কবির হোসেনকে আটক করে গণপিটুনি দিলে সে মারা যায়। সদর হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে আনার আগে সে মারা যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, সদর উপজেলার সাইত্রিশ নামকস্থানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে কবির হোসেন নামে একজন নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে নিহত কবিরের বড় ভাই সিরাজ ও ঝিনাইদহ জেলার পোড়াহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার শওকত আলী অভিযোগ করেন, কবির হোসেন মানসিক প্রতিবন্ধী পাগল। সে চোর নয়। তাকে কেন পিটিয়ে হত্যা করা হলো। এটা হত্যাকাণ্ড, তারা এর বিচার চান। তারা লাশ নিতে মাগুরায় এসে এ অভিযোগ করেন।
ইত্তেফাক/আরকেজি
