গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান চান উদ্যোক্তারা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৬
দেশে শিল্পোদ্যোক্তাদের বড় উদ্বেগের কারণ এখন গ্যাস-বিদ্যুত সংকট। এ সংকটের কারণে উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ দূরে থাক, বিদ্যমান উৎপাদন ব্যবস্থাও চালিয়ে নেওয়া কষ্টসাধ্য হচ্ছে। আবার নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক হঠাৎ গ্যাস-বিদ্যুতের দর বাড়ানোয় ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। এর জেরে কোন কোন উদ্যোক্তা ঋণখেলাপিও হচ্ছে। এ সমস্যা সমাধানে বিশেষত গ্যাস সংকট সমাধানে দ্রুত সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। 
 
শুক্রবার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক কটন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান। বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ টেক্সটাইল মিল্স অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) আয়োজনে দুই দিনের ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দ্বিতীয়বারের মত এ ঢাকায় সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এতে দেশি-বিদেশি তুলা ব্যবসায়ী ও প্রতিনিধিরা অংশ নেন।
 
আলোচনায় অংশ নিয়ে বিটিএমএ’র সভাপতি ও টেক্সটাইল খাতের অন্যতম উদ্যোক্তা তপন চৌধুরী বলেন, গ্যাস বিদ্যুতের সমস্যার কারনে শিল্প-কারখানার সম্প্রসারণ দূরে থাক, বিদ্যমান উৎপাদনই সমস্যায় রয়েছে। সম্প্রতি এ খাতের বিনিয়োগও কমে যাচ্ছে। তার অন্যতম কারন পর্যাপ্ত গ্যাস, জ্বালানি ও মানসম্মত বিদ্যুতের অভাব। সেই সঙ্গে নিষ্কণ্টক জমিও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিক বস্ত্র খাতের জন্য গ্যাস সংকট এখন অন্যতম উদ্বেগের কারন হয়ে দাঁড়িয়েছে। 
 
তিনি বলেন, সরকার এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমটি দ্রুত বাস্তবায়ন হওয়া দরকার। 
 
ইত্তেফাক/এমআই