ভোলার বোরহানউদ্দিন থানা আঙ্গিনার এসআই কোয়াটারের পার্টিশন দেয়াল ধসে থানার মাঝি জাকির হোসেন (৪৫) নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির কুতুবা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আ. গনি মিয়ার ছেলে।
থানা সুত্রে জানা যায়, শনিবার সকালে এসআই কোয়ার্টারে পরিচ্ছন্নতার কাজে প্রবেশ করে জাকির। এসময় নিচ তলার পার্টিশন ওয়াল হঠাৎ ধসে তার গায়ে পড়ে। দেয়ালের চাপায় গুরুতর আহত হন জাকির। এসময় ওই ভবনে অবস্থানরত জসিম, শামীম মৃধাসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যান। আশংকাজনক অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএসআই জসিম জানান, পাশেই তিনি কাজ করতে ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ অসিম কুমার সিকদার জানান, জাকির বিগত বিশ বছরের অধিক সময় ধরে বোরহানউদ্দিন থানায় মাঝির দায়িত্বে ছিলেন। এ অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় আমরা শোক প্রকাশ করছি।
ইত্তেফাক/কেকে
