প্রেমে সাড়া না দেয়ায় ভারতীয় ছাত্রীর মুণ্ডচ্ছেদ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০০
ভারতের মধ্যপ্রদেশের কোটমা গ্রামে একাদশ শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। প্রত্যক্ষদর্শী এবং ওই ছাত্রীর বাড়ির লোকেরা জানিয়েছেন, দুপুর ১টা থেকে স্কুলে পরীক্ষা ছিল। তাই তড়িঘড়ি করে বাড়ি থেকে রওনা দিয়েছিল সে। স্কুলে ঢোকার কিছু আগে ঘাড়ে আচমকা ধারালো অস্ত্রের কোপ। মুহূর্তে ধড় থেকে মাথা আলাদা হয়ে মাটিতে লুটিয়ে পড়ল ওই ছাত্রী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ওই ছাত্রীর স্কুলের ঠিক সামনেই। 
 
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর নাম পূজা পানিকা। একাদশ শ্রেণির ছাত্রী পূজা ওই গ্রামেরই বাসিন্দা। পূজার পরিবারের দাবি, ধৃত দিলীপ সাহু দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীকে উত্যক্ত করত। বহুবার প্রেমের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু তার কোনো প্রস্তাবেই সাড়া দেননি তিনি। উপরন্তু ২০১৪ সালে ওই যুবকের নামে থানায় অভিযোগও দায়ের করেছিলেন পূজা। এই নিয়ে দিলীপের ভিতরে প্রচুর বিদ্বেষ তৈরি হয়েছিল। তার জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী এক প্রাক্তন শিক্ষক। তিনি জানান, স্কুলের কিছু আগে থেকেই ওই যুবক তার পিছু নেয়। তিনি তখন ঘটনাস্থল থেকে মাত্র ২০ পা দূরে। আচমকা পিছন থেকে ওই ছাত্রীর উপর হামলা চালায় দিলীপ। তার হাতে একটা তরোয়াল ছিল। সেটা দিয়ে পূজার গলায় পরপর তিন বার কোপ মারে। মুহূর্তে দেহটা নিস্তেজ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু