নিরাপত্তা ভেঙে হোয়াইট হাউজে ফের গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা নারীর

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৮
নিরাপত্তা বেষ্টনী ভেঙে হোয়াইট হাউজে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করেছেন এক মার্কিন নারী। শুক্রবার বিকেল সাড়ে তিনটের সময় এ ঘটনা চলাকালীন হোয়াইট হাউজে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠক করছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
IMG0
নিরাপত্তার দায়িত্বে থাকা সেনারা ওই নারীকে আটকানোর চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারাও। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় ওই নারীকে। পুলিশ জানিয়েছে, লা ভার্নের বাসিন্দা ৩৫ বছরের ওই নারীর নাম জেসিকা আর ফোর্ড। এক প্রত্যক্ষদর্শী ক্রিস বেলো জানান, একটি সাদা গাড়িকে হঠাৎ দেখা যায় হোয়াইট হাউসের সিকিউরিটি ব্যারিকেডের দিকে এগিয়ে যেতে।
IMG1
নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কর্মী গাড়িচালককে থামার নির্দেশ দেন। কিন্তু চালক তা অগ্রাহ্য করেই ব্যারিকেডের দিকে এগিয়ে যায়। তার পরই ব্যারিকেডে সজোরে ধাক্কা মেরে ঢোকার চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, এই প্রথম নয়, এর আগেও গত বছর এপ্রিলে হোয়াইট হাউসের ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা করেছিলেন ফোর্ড। সে সময়ও তাকে গ্রেফতার করা হয়। সিএনএন।
 
ইত্তেফাক/সেতু