স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনী কোনো দলের নয়, পুলিশ জনগণের। পুলিশ সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দেশকে বাঁচিয়েছে। তিনি বলেন, সারাদেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশে জঙ্গিদের আর স্থান নেই। ইভটিজিং শতভাগ নিয়ন্ত্রণে। তবে মাদককে এখনো সমূলে নিয়ন্ত্রণ করা যায়নি। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদককে নিয়ন্ত্রণে আনতে হবে।
গতকাল শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, অন্ধকারে যাবে না। আমরা সবাই মিলে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দেবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪০ সালে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের তালিকায় স্থান পাবে।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আলী আশরাফ এমপি, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, পুলিশের চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি ড. মনির-উজ-জামান, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী প্রমুখ।
মন্ত্রী বলেন, বিএনপির কোনো শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমরা কখনও বাধা দিচ্ছি না। কিন্তু কেউ যদি মাত্রাতিরিক্ত করে জনগণের দুর্ভোগ বাড়িয়ে দেয়, তখনই আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী যে কাজটি করার দরকার সে কাজটি করে থাকে। পরে মন্ত্রী ওই উপজেলার আদ্রা ইউনিয়নের নলুয়া মনোহরপুর হাইস্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর নলুয়া মনোহরপুর গ্রামে তাঁর শ্বশুর বাড়িতে কিছু সময় অতিবাহিত করেন।
ইত্তেফাক/নূহু
