বাংলাদেশের প্রায় ৩ হাজার মানব সম্পদ পেশাজীবীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এর আয়োজনে আগামী ২৮ এপ্রিল রাজধানীর বনানীতে অবস্থিত নৌবাহিনী সদর দপ্তরের বিপরীতে অবস্থিত ‘সেনা মালঞ্চে’ সপ্তম আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য ও কর্পোরেট হাউজগুলোর সফলতার ক্ষেত্রে মানব সম্পদ প্রফেশনস এর ক্রমপরিবর্তনশীল গুরুত্বের কথা বিবেচনা করে এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে- “এইচ আর ফর সাসটেইনেবল বিজনেস” বা “টেকসই ব্যবসার জন্যই মানব সম্পদ”।
বি এস এইচ আর এম ৭ম আন্তর্জাতিক এইচ আর কনফারেন্স-২০১৮ এর চেয়ারম্যান ও বি এস এইচ আর এম - এর ভাইস প্রেসিডেন্ট মোঃ মাশেকুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বি এস এইচ আর এম - এর প্রেসিডেন্ট মোঃ মোশাররফ হোসেন, সম্মেলনের সচিব মোঃ কামরুজ্জামান এবং বি এস এইচ আর এম - এর সিনিয়র কর্মকর্তাবৃন্দ, প্রেস এন্ড মিডিয়া উপকমিটির সদস্যবৃন্দ।
এ আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের মানব সম্পদ পেশাজীবী ছাড়াও বিভিন্ন পেশাজীবী, শিল্প-বাণিজ্য উদ্যোক্তা, শিক্ষার্থী সহ এক হাজারেরও বেশী অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। এছাড়াও সম্মেলনে দেশ-বিদেশের স্বনামধন্য মানব সম্পদ পেশাজীবী, বিশেষজ্ঞ ও শিক্ষাবিদগণ মূল প্রবন্ধ উপস্থাপন সহ বিভিন্ন বক্তব্য উপস্থাপন করবেন যার মাধ্যমে অংশগ্রহণকারীগণ বিশেষভাবে উপকৃত হবেন। মূল প্রবন্ধ উপস্থাপক ও আলোচকবৃন্দের মধ্যে অন্যতম হচ্ছেন জনাব মোঃ মোশাররফ হোসেন, সভাপতি, বি এস এইচ আর এম এবং প্রাক্তন সভাপতি, এশিয়া প্যাসিফিক ফেডারেশন অব হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট; প্রফেসর ডঃ এ,কে,এম সাইফুল মজিদ, পরিচালক, আই বি এ, ঢাকা বিশ^বিদ্যালয়; ডঃ অজন্তা সুজেয়া ধর্মসিড়ি, অধ্যাপক, শ্রী জয়াবর্ধেনেপোরা বিশ^বিদ্যালয়, শ্রীলংকা এবং সভাপতি, ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট, শ্রীলংকা; ক্রিস টিল, সভাপতি, এশিয়া প্যাসিফিক ফেডারেশন অব হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট; রোজ মেরি, মহা-ব্যবস্থাপক, অস্ট্রেলিয়ান হিউম্যান রিসোর্সেস ইনস্টিটিউট । এছাড়া আরও দেশী-বিদেশী মানব সম্পদ বিশেষজ্ঞগণ উক্ত সম্মেলনে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন।
ইত্তেফাক/এএম
