লিভারপুলকে দ্বিতীয় স্থানে নিয়ে আসলেন মোহাম্মদ সালাহ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০৬
 
ওয়েস্ট হ্যামকে শনিবার ঘরের মাঠ এনফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে ৪-১ গোলে বিধ্বস্ত করে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। এই ম্যাচে গোল করে টানা ষষ্ঠ ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন মোহাম্মদ সালাহ। ম্যাচ শেষে দলের এই উজ্জীবিত পারফরমেন্সে দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছেন লিভারপুল বস জার্গেন ক্লপ।
 
ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে এক পয়েন্ট এগিয়ে ম্যানচেস্টার সিটির পিছনে থেকে টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে অল রেডসরা। কালকের ম্যাচে সালাহ ছাড়া অপর গোলগুলো করেছেন এমেরে কান, রবার্তো ফারমিনো ও সাদিও মানে। ক্লপ বলেন, ‘আমি মনে করি না একজন ম্যানেজার হিসেবে কেউ এ ধরনের ম্যাচ প্রত্যাশা করে। একজন কোচ শুধুমাত্র আশা করতে পারে। কিন্তু খেলোয়াড়রা খুব কমই এই ধরনের ম্যাচ কোচকে উপহার দিতে পারে। আমরা আজ সেটা পেয়েছি। ম্যাচটা দারুন উপভোগ্য ছিল। ম্যাচে সবকিছুই ছিল- আগ্রাসন, গভীরতা, জয়ের স্পৃহা। ফুটবলে যা কিছু প্রয়োজন আজ আমার খেলোয়াড়রা তার সবকিছুই করে দেখিয়েছে।’
 
রোমা থেকে চলতি মৌসুমে লিভারপুলে নাম লেখানোর পরে দারুণ ফর্মে রয়েছে ২৫ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড সালাহ। ইতোমধ্যেই চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে হ্যারি কেনের সাথে সর্বোচ্চ ২৩ গোল করেছেন। প্রিমিয়ার লীগে অভিষেকেই গোল্ডেন বুট পাবার তালিকায় সালাহকেই বিবেচনা করা হচ্ছে। কালকের ম্যাচেও তিন মিনিটের মধ্যে দলকে প্রায় এগিয়ে দিয়েছিলেন সালাহ। অল্পের জন্য ওয়েস্ট হ্যাম রক্ষা পেলেও ২৯ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেবার পিছনে পুরো অবদানই ছিল সালাহর। সালাহ’র করা দারুন এক কর্ণার থেকে কানের বুলেট হেড রক্ষা করা সম্ভব হয়নি প্রতিপক্ষ গোলরক্ষক আদ্রিয়ানের। সব ধরনের প্রতিযোগিতায় এটি লিভারপুলের শততম গোল।
 
 
ইত্তেফাক/এএম