আলালসহ ৫১ জন কারাগারে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫৬
রাজধানীর পল্টন থানায় করা নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৫১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের জামিনের আবেদন নাকচ করে দেন আদালত। তবে এ মামলায় গ্রেফতার আরো আটজনকে এক দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
 
সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. জালাল বলেন, রবিবার পল্টন থানা পুলিশ ৫৯ জন আসামিকে আদালতে হাজির করেন। এর মধ্যে ১০ জনকে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। বাকিদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আটজনকে এক দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।
 
যাদের রিমান্ডে নেয়া হয়েছে তারা হলেন আব্দুল আউয়াল মিন্টুর দেহরক্ষী হুমায়ুন কবীর, বিএনপি কর্মী ফয়সাল আহমেদ চৌধুরী, ফারুকুজ্জামান জুয়েল, খোরশেদ আলম, আব্দুর রহীম হাওলাদার সেতু, আব্দুল কাদের, মো. লিটন ও মো. রাসেল। আর মোয়াজ্জেম হোসেনসহ ৫১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী।
 
আদালতে বিএনপি নেতাদের পক্ষে ছিলেন এডভোকেট তৈমুর আলম খন্দকার, মোসলেহ উদ্দিন জসীম, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহসহ কয়েকজন।
 
গত শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি থেকে মোয়াজ্জেম হোসেন, সাবেক এমপি রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, কামরুদ্দিন এহিয়া খান মজলিস, এডভোকেট নেওয়াজ হালিমা আরলিসহ ৫৯ জনকে গ্রেফতার করে পুলিশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ২২ ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি না পাওয়া এ কর্মসূচির ডাক দিয়েছিল দলটি। পরে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।
 
ইত্তেফাক/ইউবি