নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ১০জন নিহত ও ৫০ আহত হয়েছেন। হতাহতদের সকলেই বাসের যাত্রী। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের ত্রিবর্দী এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি লরির সংর্ঘষে হলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ইয়াসমিন নামে একজনের নাম জানা গেছে। তিনি অনন্ত ট্রেডিং গার্মেন্টসের শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা সিডিএম পরিবহনের একটি লোকাল বাস যাত্রী নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে দুপুর ২টার দিকে সোনারগাঁয়ের ত্রিবর্দী এলাকায় ওভারটেকিংয়ের সময় একটি লরির পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে আরও তিনজন মারা যান। নিহতদের মধ্যে চারজন পুরুষ, দুইজন শিশু ও দুইজন নারী রয়েছে। এছাড়া পরে আরো ২ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে।
মারাত্মক আহত যাত্রীদের মধ্যে ২৬জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
