আখাউড়ায় শিক্ষার্থীদের পিকনিক বাস খাদে, আহত ২০

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৯
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পিকনিকের বাস খাদে পড়ে দুই শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের মসজিদপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে দুইজনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
 
হাসপাতাল, পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, কসবা উপজেলার গোপীনাথপুর আলহাজ্ব শাহআলম কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার সকালে পিকনিক করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া এলাকায় রওয়ানা করেন। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী ছিল। পিকনিকের একটি বাস সকাল ৯টার দিকে আখাউড়া উপজেলার মসজিদপাড়া বাইপাস এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বাস থেকে বের করেন। এতে কলেজের দুই শিক্ষকসহ ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।
 
আহতদের মধ্যে কলেজের শিক্ষক মো. রাসেল মিয়া (৩০) মো. মোকাদ্দেছ মিয়া (৪৫ ) প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ব্রা‏হ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত শিক্ষার্থী আমেনা বেগম (২০), তামান্না আক্তার (১৮) রুবেল মিয়া (২৪), খাদিজা আক্তারকে (২০) আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।
 
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহনেওয়াজ হাসান সজিব বলেন, দুইজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন। একজনের হাতে এবং অপরজনের বুকে ও শরীরে আঘাত লেগেছে। ৪জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন বলেন, পিকনিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বাসটি উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/এসএস