পুঠিয়ায় গ্রেফতার ৩ জঙ্গিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৯
 
রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর ইউনিয়নের জামিরা গ্রাম থেকে অস্ত্র ও বোমাসহ গ্রেফতার তিন জেএমবি সদস্যেকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মঙ্গলবার তাদের রিমান্ডের আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান ভুইয়া।
 
ওসি আরও জানান, রবিবার রাতে র‌্যাব তিন জেএমবির সদস্যকে পুঠিয়া থানায় হস্তান্তর করে। এ সময় অস্ত্র ও বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তিন জঙ্গিকে আদালতে হাজির করে রিমান্ডে আবেদন জানানো হয়।
 
উল্লেখ্য, রবিবার ভোর রাতে উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিরা গ্রামের একটি ডাল মিলের টিন সেডের বারান্দা থেকে ২টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ৪টি হাতবোমা বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৩ জঙ্গিকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর সদস্যরা। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
 
জঙ্গিরা হলেন- শরিফুল ইসলাম শরিফ (৪৫) জাকারিয়া হোসেন জাক্কার (৪৩) ও আতাউর রহমান (৪২)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর ও চাকলা গ্রামে। নাশকতার পরিকল্পনা করতে তারা পুঠিয়ার জামিরা গ্রামে গোপন বৈঠক করছিলেন। 
 
ইত্তেফাক/আরকেজি