আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে দেশের ইতিহাসে সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সোমবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কুমকুমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে' অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে যে সব সুযোগ সুবিধা দেয়া হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কোন কারাবন্দী এমন সুযোগ সুবিধা পাননি এবং কেউ ডিভিশন পেলেও তিনি তার পছন্দের গৃহপরিচারিকা যিনি আসামি নন তাকে রাখার সুযোগ নাই কিন্তু তিনি তার পছন্দনীয় গৃহপরিচারিকাকে সাথে রাখার সুযোগ পেয়েছেন। ডিভিশন পাওয়ার আগেই তাকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, পাশে বসার কক্ষ, রান্না কক্ষ এমনকি তিনি যেন সব ধরনের বিনোদন থেকে বঞ্চিত না হন সেজন্য টেলিভিশনে ডিশ সংযোগও দেয়া হয়। এতো সুযোগ সুবিধা পাওয়ার পরও বিএনপির পক্ষ থেকে নানা ধরনের অপপ্রচারের প্রচেষ্টা চালানো হচ্ছে।
উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন প্রসঙ্গে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের হাইকোর্ট সরকারের বিরুদ্ধে বহু রায় দিয়েছেন, সরকারের এমপিদের বিরুদ্ধে রায় দিয়েছেন এবং হাইকোর্টে সরকারের মন্ত্রীরা করজোড়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছেন। সেই হাইকোর্টেও সোমবার তারা (বিএনপি) হাঙ্গামা করার চেষ্টা করেছে এবং আদালত কক্ষে তারা (বিএনপি) এমন পরিস্থিতি তৈরি করেছিল যে হাইকোর্টের বিচারপতি আদালত কক্ষ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। পরিস্থিতি অনুকূলে আসার পর বিচারপতরা আবার এজলাসে বসেছিলেন। হাইকোর্টের বিচারপতিদের বাধ্য করার চেষ্টা করা হয়েছিল নিম্ন আদালতে যে ভাবে হাঙ্গামা করেছে হাইকোর্টেও তারা একই ধরনের হাঙ্গামা করার অপচেষ্টা চালিয়েছিল।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনি কারাগারে বসে আপনার স্বামী বিনা বিচারে কর্নেল তাহেরসহ যাদেরকে ফাঁসি দিয়েছিলেন তাদের আত্মার অার্তনাদ শুনার চেষ্টা করুন এবং আপনি যে ভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন তাদের অাত্মার অার্তনাদ আহাজারিও উপলব্ধি করার চেষ্টা করুন।
কর্নেল অলির বক্তব্যের সূত্র ধরে ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া অবশ্যই আমার মায়ের বয়সী। অনেকে তাকে মা ডাকতে পারেন তবে তিনি হচ্ছেন রাক্ষসী মা এবং এতিমের টাকা অাত্মসাৎকারী মা। যেমন মা বেয়াদব তেমন ছেলে বেয়াদব।
বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা না করে আইনি প্রক্রিয়ায় অগ্রসর হোন। বেগম খালেদা জিয়া যে ভাবে টাকা অাত্মসাৎ করে জেলে গেছেন এটি বিএনপির জন্য যেমন লজ্জার, রাজনীতিবিদদের জন্যও লজ্জার এবং অপমানের। এটি বিএনপির জন্য যেমন গ্লানি একই ভাবে রাজনীতিবিদদের জন্যও গ্লানি। সুতরাং তার এমন পরিনতি কাম্য নয়।
আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, অভিনেতা এটিএম সামসুজ্জামান, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
