ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের বদলি প্রত্যাহারের দাবিতে আগামীকাল মানববন্ধন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৩৯

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আব্দুল আওয়ালের বদলি প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠেছে জেলার শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পেশাজীবি মানুষ। ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শহরের চৌরাস্তায় মানববন্ধন ও ধর্মঘটের ডাক দিয়েছে 'ঠাকুরগাঁওয়ের সাধারণ জনগণ' নামে একটি সংগঠন।

আগামীকাল মানববন্ধন পালনের জন্য তৈরি করা ব্যানারে লেখা রয়েছে “এক দফা, এক দাবি” জেলা প্রশাসকের বদলি বাতিল চাই।

আন্দোলনে অংশ নিতে যাওয়া এক ব্যক্তি বলেন, জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল ঠাকুরগাঁও জেলায় দায়িত্ব পালনরত অবস্থায় সততা ও নিষ্ঠার মাধ্যমে ঠাকুরগাঁও জেলার সর্বস্তরের মানুষের মন জয় করেছেন। নিবিড়ভাবে গ্রামের গরীব, দুস্থ, অসহায় ও নির্যাতিত ব্যক্তি বা পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আমি বা আমরা ঠাকুরগাঁওবাসী এই বটগাছ বা মাথার ছায়া সমতুল্য অবিভাবকে হারাতে চাই না।

কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা রাজিউর রেজা খোকন চৌধুরী বলেন, প্রকৃত অর্থেই উনার কর্মদক্ষতা, দায়িত্ববোধ এবং মানুষের প্রতি ভালবাসা আমাদের মনে জায়গা করে নিয়েছে। সৃষ্টিকর্তা তাকে আমৃত্যু মানুষের সেবা করার সুযোগ দান করুন।

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো বলেন, ডিসি সাহেব এত অল্প সময়ে বদলী হয়ে চলে যাবেন তা কখনো ভাবিনি। সত্যি যদি উনি এখান থেকে চলে যান তবে অনেক কষ্ট পাবো।

ঠাকুরগাঁও চেম্বার অব কর্মাসের পরিচালক মামুন অর রশিদ বলেন, এই মানুষটিকে রাখার জন্য সবাই চেষ্টা করছি। এমন ডিসি হয়তো আর পাবো না। সকল পক্ষ, সকল ঠাকুরগাঁওবাসী, বিশেষ করে নেতৃবৃন্দকে বিনীত অনুরোধ করছি, মানুষটিকে রাখার জন্য চেষ্টা করুন, ব্যবস্থা নিন। আমাদের ঠাকুরগাঁওয়ের উন্নয়নের অগ্রগতির স্বার্থে।

জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ্ মো: এ্যাপালো বলেন, আমাদের ভালো লাগার একজন মানুষ জেলা প্রশাসক জনাব আব্দুল আওয়াল। আমাদের ঠাকুরগাঁওয়ের মাটি ও মানুষের জন্য এমন কিছু করার চেষ্টা করেছেন যা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। চাকুরী সূত্রে আসা! চলেতো একদিন যেতেই হতো! তাই মন থেকে শুভ কামনা ছাড়া কিইবা দিতে পারি! যেখানেই থাকবেন, ভাল থাকবেন আমাদের হৃদয়ের ভালবাসা ও দোয়া আপনার সাথেই থাকবে সবসময়......।

তাজুল ইসলাম নামে একটি কলেজের অধ্যক্ষ বলেন, তার থাকা না থাকার প্রশ্ন যখন প্রতিটি টেবিলের আলোচনার বিষয় তখন আপনি ধরে নিতে পারেন তিনি একজন কার্যকর সংবেদনশীল মানুষ এবং একই সংগে একজন দক্ষ প্রশাসক ছিলেন। উনার এভাবে চলে যাওয়া কিছুতেই আমি মানতে পারছি না। উনাকে আবার এই জেলায় পদায়ন করা হোক এ ব্যপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বরত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি দেশের ২২ জন জেলা প্রশাসকের রদ-বদলের প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই প্রজ্ঞাপনে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আব্দুল আওয়ালকে যশোর জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশ জারি করা হয়েছে।

এই আদেশ জারির বার্তা শুনে শোকাহত হয়েছে জেলার সাধারণ মানুষ।

ইত্তেফাক/নূহু