যুক্তরাষ্ট্রের সান অন্টোরিও পুলিশ ডিপার্টমেন্টকে (এসএপিডি) প্রতিদিন হাজারো ঝামেলা নিয়ে ব্যস্ত থাকতে হয়। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জরুরি সেবাও দিতে হয় তাদের। কিন্তু সম্প্রতি এসএপিডি দারুণ এক বিড়ম্বনায় পড়েছে। প্রতিদিন পুলিশ স্টেশনে লোকজন ফোন করছে পিত্জার অর্ডার দিতে।
৯১১ এর মতো জরুরি সেবায় এভাবে ফোন দিয়ে পিত্জার অর্ডার দেওয়ার ঘটনায় রীতিমতো বিব্রত সান অন্টোরিও পুলিশ ডিপার্টমেন্ট। পিত্জা চেয়ে ফোন করা ব্যক্তিদের বুঝিয়েও কোনো লাভ হচ্ছে না। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত ফেসবুকে বিবৃতি পর্যন্ত দিতে হয়েছে।
সান অন্টোরিও পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ঐ বিবৃতিতে বলা হয়েছে, অনেকে এসএপিডিকে সান অন্টোরিও পিত্জা ডিপার্টমেন্ট বানিয়ে ফেলেছে। কিন্তু ৯১১ এ ফোন করে পিত্জা চাওয়াটাও কোনো জরুরি বিষয় হতে পারে না। তবে এই বিবৃতি দেয়ার পরও লোকজন পিত্জা চেয়ে পুলিশ স্টেশনে ফোন করছে কীনা তা জানা যায় নি।-স্কাই নিউজ
ইত্তেফাক/মোস্তাফিজ
