চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দুই কেজি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গয়েশপুর বিওপির বিজিবি সদস্যরা উপজেলার গোয়ালপাড়া আমবাগানের পাশের রাস্তায় অভিযান চালিয়ে বাইসাইকেল আরোহী রাকিব হোসেনকে (২৩) আটক করে এবং ওই স্বর্ণ জব্দ করে। আটককৃত রাকিব হোসেন উপজেলা সীমান্তের নতুনপাড়ার আব্দুর রহমানের ছেলে।
ঝিনাইদহের খালিশপুরস্থ-৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর জসিম উদ্দিন জানান, গয়েশপুর বিওপির কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সাত্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। রাকিব হোসেন ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশে বাইসাইকেল চালিয়ে সীমান্তের দিকে যাচ্ছিলো। ৬৮ মেইন পিলারের ১শ' গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশি করে পায়ের উরুতে কৌশলে বাঁধা অবস্থায় ৬টি স্বর্ণের বার ও ৬টি স্বর্ণের বারের টুকরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮শ' ৬৪ গ্রাম বলে উপ-অধিনায়ক জানিয়েছেন।
ইত্তেফাক/এসএস
