সাভার থানাধীন গেন্ডা বাসষ্ট্যান্ড হতে কাভার্ডভ্যানের ভেতর থেকে ৯২৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ আলী (২৯) ও মুন্সিগঞ্জের মো. রতন হোসেন (২৮)।
র্যাব-২ এর এএসপি মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে র্যাব সদস্যরা তাহসীন এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে সাভার টু ঢাকাগামী একটি কার্গোভ্যান থামার জন্য সংকেত দেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে কার্গোভ্যানটির চালক কার্গোভ্যানটি রাস্তার ওপর থামিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় মোহাম্মদ আলী ও রতন হোসেনকে গ্রেফতার করে র্যাব।
IMG0
গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানান, তারা চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত পথ থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেনসিডিল স্বল্প মূল্যে ক্রয় করে রাতারাতি বড়লোক হবার নেশায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চরাদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রেখে কার্গোভ্যানে মালামাল পরিবহনের পাশাপাশি মাদকের ব্যবসা পরিচালনা করতেন।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এএসপি মো. রবিউল ইসলাম।
ইত্তেফাক/কেকে
