গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। বাসা ও ট্রাক রাস্তার পাশ্ববর্তী খাদে পড়ে যায়।
নিহতরা হলেন- ইট-বালু ব্যবসায়ী কাশিয়ানী উপজেলার ভুধপাশা গ্রামের রুলু মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৫০), ট্রাকের হেলপার একই গ্রামের বরকত তালুকদারের ছেলে সোহাগ তালুকদার (১৮) ও অপর নিহত নারীর নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতদের গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২/৩ জনের অবস্থা আশংকাজনক।
IMG0
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান, দুপুরে পোনায় ঢাকা থেকে পিরোজপুরগামী বলেশ্বর পরিবহরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপারসহ তিনজন নিহত হন। এদের মধ্যে নিহত বাসযাত্রী নারীর নাম পরিচয় পাওয়া যায়নি।
এতে বাসের আরো অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ৩/৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। এ সময় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। দুপুর দেড়টা থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
ইত্তেফাক/কেকে
